কাতারকে একঘরে করা অমানবিক এবং ইসলাম পরিপন্থি: এরদোগান
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান
কাতারকে একঘরে করার সৌদি আরব এবং তার মিত্রদেশগুলোর নীতিকে অমানবিক এবং ইসলামি আদর্শের পরিপন্থি হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান। সেই সঙ্গে আরব দেশগুলোর মধ্যে চলমান সংকট নিরসনের ক্ষেত্রে সৌদি আরবকে প্রধান ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আজ (মঙ্গলবার) তুরস্কের পার্লামেন্টে দেয়া এক বক্তৃতায় এরদোগান বলেন, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে তুরস্কের পাশাপাশি কাতারও অত্যন্ত জোরালো অবস্থান গ্রহণ করেছে। মিথ্যা প্রচারণার মাধ্যমে কাতারকে অভিযুক্ত করে কোনো ফল পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন এরদোগান।
সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রশ্রয় দেয়া এবং সৌদি আরবের ‘শত্রুদেশ’ ইরানকে সমর্থন দেয়ার অভিযোগ এনে গত সোমবার কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। তবে কাতার এসব অভিযোগ নাকচ করে দিয়েছে। তবে চলমান দ্বন্দ্বে দোহার প্রতি সমর্থন দিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, তেল-গ্যাসে সমৃদ্ধ কাতারকে একঘরে করার নীতি অনুসরণ করে কেউ লাভবান হতে পারবে না।
এরদোগান বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলগুলোর নেতা হিসেবে সৌদির রাজা সালমানের উচিত এ সমস্যা সমাধানে প্রধান ভূমিকা পালন করা। আমি বিশেষভাবে মনে করি, এ সংকট নিরসনে তাকেই নেতৃত্বে দেয়া উচিত। নিজ দল জাস্টিস এন্ড ডেভেলোপমেন্ট পার্টির সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় এরদোগান এসব মন্তব্য করেন।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪