আফগানিস্তানে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় হামলা: ৭ মার্কিন সেনা আহত
উত্তরাঞ্চলীয় আফগানিস্তানের একটি ঘাঁটিতে আফগান সেনার গুলিতে অন্তত সাত মার্কিন সেনা আহত হয়েছে। পাল্টা গুলিতে নিহত হয়েছে আক্রমণকারী আফগান সেনা। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এ রকম ঘটনা ঘটল। আফগানিস্তানে এ ধরণের ঘটনাকে ‘ইনসাইডার অ্যাটাক’ বা ‘অভ্যন্তরীণ হামলা’ হিসেবে অভিহিত করা হয়।
মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র আবদুল কাহার আরাম বলেছেন, মাজারি শরিফের ক্যাম্প শাহিনে হামলাটি হয়েছে। ক্যাম্প শাহিনে আফগান সেনাবাহিনীর ২০৯ কোরের সদর দফতর অবস্থিত। ঘাঁটিতে আফগান সেনার আক্রমণে চারজন মার্কিন সেনা নিহত হয়েছিল বলে আগে যে খবর প্রকাশিত হয়েছিল তা নাকচ করা হয়েছে। এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। হামলাকারী সেনা তাদের অনুগত ছিল বলে দাবি করেছে তালেবান।
এর মাত্র এক সপ্তাহ আগেই পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে এক আফগান কমান্ডোর গুলিতে মার্কিন বিশেষ বাহিনীর তিন সেনা নিহত হয়েছিল। ওই হামলার দায় স্বীকার করেছিল তালেবান।
এপ্রিলে মাজারে শরিফের ঘাঁটিতে হামলার দায়ও তালেবান স্বীকার করেছিল। হামলায় শতাধিক আফগান সেনা নিহত হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/১৮