ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া শুরু করতে মধ্যপ্রাচ্যে গেলেন ট্রাম্প জামাতা
https://parstoday.ir/bn/news/world-i40686-ফিলিস্তিন_ইসরাইল_শান্তি_প্রক্রিয়া_শুরু_করতে_মধ্যপ্রাচ্যে_গেলেন_ট্রাম্প_জামাতা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা এবং জামাতা জেরার্ড কুশনার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সফরের সময় ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনি নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়েছেন। ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনের লক্ষ্যে কথিত শান্তি প্রক্রিয়া আবার শুরু করার লক্ষ্যে কুশনার দুই পক্ষের সাথে আলোচনা করেছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জুন ২২, ২০১৭ ১৭:২২ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা এবং জামাতা জেরার্ড কুশনার  (ডানে) এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা এবং জামাতা জেরার্ড কুশনার (ডানে) এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা এবং জামাতা জেরার্ড কুশনার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সফরের সময় ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনি নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়েছেন। ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনের লক্ষ্যে কথিত শান্তি প্রক্রিয়া আবার শুরু করার লক্ষ্যে কুশনার দুই পক্ষের সাথে আলোচনা করেছেন।

২০১৪ সালে স্থবির হয়ে পড়া ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা আবার চালু করার ব্যাপারে জেরার্ড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত জেসন গ্রীনবাল্ট ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে গতকাল (বুধবার) যে বৈঠক করেছেন তা অত্যন্ত ফলপ্রসূ ছিল বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে। 

এছাড়া, ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় মিলিত হয়েছেন বলে জানা গেছে।

 জেরার্ড কুশনার এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 

 

হোয়াইট হাউজের বিবৃতিতে আরো বলেছে, চলমান সংকট নিরসনের লক্ষ্যে ইসরাইলের অগ্রাধিকার এবং পরবর্তীতে সম্ভাব্য করণীয় বিষয় নিয়ে মার্কিন এই তিন কর্মকর্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন।   

অন্যদিকে, কুশনার, গ্রীনবাল্ট এবং মার্কিন কনস্যুল জেনারেল ডোনাল্ড ব্লোম পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং তার শীর্ষস্থানীয় উপদেষ্টাদের সঙ্গে পৃথক আলোচনা করেছেন। তারা এসময় ফিলিস্তিনিদের অগ্রাধিকার এবং পরবর্তীতে সম্ভাব্য করণীয় বিষয়ে আলোচনা করেন বলে বিবৃতিতে বলা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২২