বাগদাদি মারা গেছে ১০০% নিশ্চিত: রুশ সিনেটর
-
কথিত খলিফা আবু বকর আল-বাগদাদি
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের প্রধান ও কথিত খলিফা আবু বকর আল-বাগদাদি রুশ বিমান হামলায় মারা গেছে এবং বিষয়টি এখন প্রায় ১০০ ভাগ নিশ্চিত।
রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির প্রধান ভিক্টোর ওজেরভ এ কথা বলেছেন। তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।
ওজেরভ বলেন, “আমি মনে করি বাগদাদির মৃত্যুর খবর এখন ১০০ ভাগ সত্যের কাছাকাছি। কারণ দায়েশ সন্ত্রাসীরা এখন পর্যন্ত তাকে কোথায় দেখায় নি। এই বাস্তবতা আমাদেরকে বাগদাদির মৃত্যুর বিষয়ে আরো বেশি আস্থাশীল করে তুলছে।”
কয়েকদিন আগে রাশিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত ২৮ মে রাতের বেলায় রুশ সুখোয় জঙ্গিবিমান রাকার কাছে একটি সন্ত্রাসী অবস্থানে ১০ মিনিট ধরে হামলা চালায়। ওই রাতে বাগদাদিসহ দায়েশের শীর্ষ সন্ত্রাসী কমান্ডাররা রাকা থেকে তাদের লোকজন সরিয়ে নেয়ার বিষয়ে বৈঠকে বসেছিল। বিভিন্ন চ্যানেলে তথ্য নিয়ে রাশিয়া পরে জানিয়েছিল যে, হামলায় বাগদাদি মারা গিয়ে থাকতে পারে। কিন্তু এখন সিনেটর ওজেরভ বলছেন, তার মৃত্যুর বিষয়টি প্রায় একশ ভাগ নিশ্চিত।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩