শান্তির জন্য পাক সেনাবাহিনীর ত্যাগ অনেক: চীনা পররাষ্ট্রমন্ত্রী
-
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তানের সামরিক বাহিনী বড় রকমের ত্যাগ স্বীকার করেছে বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়া, পাক সেনাবাহিনী আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা পালন করে চলেছে বলে উল্লেখ করেছেন তিনি।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ সফরে গিয়ে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা আঞ্চলিক নানা ঘটনাবলী বিশেষ করে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া, ওই বৈঠকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে তারা কথা বলেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতির মাধ্যমে এ খবর দিয়েছে।
বৈঠকে জেনারেল বাজওয়া বলেছেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাকিস্তান সফর ও দেশটির প্রতি সর্বাত্মক সমর্থন দেয়ার জন্য তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬