ভারতীয় বাহিনী সীমানা পেরিয়ে চীনা ভূখণ্ডে ঢুকেছে: বেইজিংয়ের অভিযোগ
-
সীমান্তে ভারত ও চীনের নিরাপত্তা রক্ষী
ভারতীয় বাহিনী সীমান্ত পেরিয়ে সিকিম রাজ্য দিয়ে চীনা ভূখণ্ড তিব্বতে ঢুকেছে বলে অভিযোগ করেছে চীন।
এতে ভারতের সঙ্গে সম্পর্ক আরো জটিল হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, ওই সীমান্তে চীনের সেনাদের স্বাভাবিক তৎপরতায় বাধা সৃষ্টি করেছে ভারতীয় বাহিনী। ভারতীয় বাহিনীকে শিগগিরি সরিয়ে নেয়ার জন্য দিল্লির প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া, চীনের ভৌগোলিক অখণ্ডতা এবং দু দেশের মধ্যে সই করা সীমান্ত চুক্তিগুলোর প্রতি সম্মান দেখানোর জন্যও ভারতের প্রতি আহ্বান জানান গেং শুয়াং।
চীন এরইমধ্যে নাথু লা পাসে তীর্থযাত্রা নাকচ করে দিয়েছে। সিকিম এবং তিব্বতের মধ্যবর্তী এলাকায় এ তীর্থ কেন্দ্র অবস্থিত।
অন্য এক বিবৃতিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একটি সড়কের কাজে বাধা সৃষ্টি করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপকে সীমান্তে শান্তির প্রতি মারাত্মক হুমকি বলে অভিহিত করেছে মন্ত্রণালয়।
চীনা বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। এ নিয়ে পরে বিবৃতি দেয়া হবে বলে ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।#
পার্সটুডে/মূসা রেজা/২৭