সিরিয়ায় যেকোনো মার্কিন হামলার জবাব দেবে রাশিয়া: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i41112-সিরিয়ায়_যেকোনো_মার্কিন_হামলার_জবাব_দেবে_রাশিয়া_ল্যাভরভ
রাশিয়া বলেছে, কথিত রাসায়নিক হামলা প্রতিহত করার অজুহাতে আমেরিকা যদি সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালায় তাহলে রাশিয়া একই ধরনের পাল্টা ব্যবস্থা নেবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ২৯, ২০১৭ ০১:৫৮ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়া বলেছে, কথিত রাসায়নিক হামলা প্রতিহত করার অজুহাতে আমেরিকা যদি সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালায় তাহলে রাশিয়া একই ধরনের পাল্টা ব্যবস্থা নেবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো। তিনি আরো বলেন, মার্কিন সরকার তার কথিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বলে তিনি আশা করছেন। কারণ, সেক্ষেত্রে পরিস্থিতি আরো খারাপ হবে।

এর আগে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ সিরিয়ায় একতরফা সামরিক পদক্ষেপের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দেন। তিনি বলেন, সিরিয়ার সেনাহিনী মার্কিন বাহিনীর জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করছে না। কাজেই মার্কিন বাহিনী সিরিয়ার সরকারি অবস্থানে হামলা চালালে তা হবে মারাত্মক উস্কানি।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস মঙ্গলবার অভিযোগ করেন, হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে ব্যাপকভাবে তৎপর হয়ে উঠেছে সিরিয়ার সেনাবাহিনী। এ থেকে বোঝা যায়, ওই ঘাঁটি থেকে রাসায়নিক হামলা চালাবে সিরিয়া; যার ফলে নিরপরাধ শিশুসহ ব্যাপক সংখ্যক মানুষ মারা পড়বে। সে ধরনের হামলা চালানো হলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে ওই মুখপাত্র হুঁশিয়ার করে দেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী  ল্যাভরভ দৃশ্যত পেন্টাগনের ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাল্টা হুমকি দিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯