ইসরাইলি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে নাসরুল্লাহ'র ভাষণ
দখলদার ইসরাইলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর ভাষণ পড়ানো হচ্ছে। এ খবর দিয়েছে আরবি ভাষার অনলাইন পত্রিকা রাই আল ইউম। ভাষণের প্রভাব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করতে নাসরুল্লাহর ভাষণ বেছে নেয়া হয়েছে বলে পত্রিকাটি আজ (মঙ্গলবার) জানিয়েছে।
রাই আল ইউম আরও জানিয়েছে, ইসরাইলি নেতৃবৃন্দ ও জনগণের ওপর নাসরুল্লাহর ভাষণ সব সময় মারাত্মক প্রভাব ফেলে। কারণ নাসরুল্লাহর কথা ও কাজের মধ্যে মিল রয়েছে। এ কারণেই তেল আবিব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাষণ সংক্রান্ত পাঠ্যক্রমে নাসরুল্লাহর ভাষণগুলোকে অন্তর্ভুক্ত করেছে।
ইসরাইলের মনস্তাত্ত্বিক যুদ্ধ বিষয়ক গবেষক ইয়ানিফ লাফতান বলেছেন, ২০০৬ সালের যুদ্ধের সময় হিজবুল্লাহর মহাসচিবের ভাষণগুলো লাইভ সম্প্রচার করতে বাধ্য হয়েছে ইসরাইলি রেডিও-টেলিভিশন। কারণ মানুষ তার ভাষণকে সেন্সর করা হোক তা চায় নি। যদিও ওই সব ভাষণে ভয়াবহ সব বার্তা ছিল।
এর আগে ইসরাইলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র এভি বেনিয়াহু বলেছেন, মনস্তাত্ত্বিক যুদ্ধে হিজবুল্লাহর অবস্থান শক্তিশালী। কারণ তারা যা বলে তা বিশ্বাসযোগ্য। এ কারণে যখন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ কোনো ধরনের হুমকি দেন তখন সব ইসরাইলিসহ গোটা বিশ্ব সেটাকে বিশ্বাস করে এবং ভয় পায়।
হিজবুল্লাহ মহাসচিব তার এক ভাষণে বলেছেন, ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪