‘আফগানিস্তানে বিজয় অর্জন নয়, পরাজিত না হওয়াই এখন মার্কিন লক্ষ্য’
আমেরিকান রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার মার্কিন তৎপরতা বানচাল হয়ে গেছে এখন বিজয় অর্জন নয় বরং পরাজিত না হওয়াই দেশটিতে ওয়াশিংটনের লক্ষ্য হয়েছে। আফগানিস্তানে ১৬ বছর ধরে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতির কঠোর সমালোচনা করে এ কথা বলেন তিনি।
আফগানিস্তানের রাজধানী কাবুলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দেশটি সফরকারী মার্কিন দ্বিদলীয় সিনেটরদের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ম্যাককেইন।
তিনি বলেন, প্রত্যেকেই আফগানিস্তান নিয়ে নিজ নিজ উদ্বেগ প্রকাশ করবেন কিন্তু দেশটিতে আমেরিকা বিজয়ী হতে চলেছে এমন কথা কেউই বলবেন না। এ অবস্থার দ্রুত পরিবর্তন হওয়া উচিত বলে জানান তিনি। আফগানিস্তানে মার্কিন বিজয়ের ব্যাখ্যা দিতে যেয়ে তিনি বলেন, বিজয় মানে হলো দেশটির গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে মার্কিন নিয়ন্ত্রণে আনা এবং তালেবানের সঙ্গে যে কোনো ধরণের যুদ্ধবিরতিতে পৌঁছানো। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজেরা হেরে যাচ্ছে বলে তালেবানরা মনে না করবে ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা করবে না বলেও জানান তিনি।
আফগানিস্তান নিয়ে কৌশলগত কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিবেদন দেবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এ খবর প্রকাশিত হওয়ার পর আফগানিস্তান নিয়ে মার্কিন নীতির কঠোর সমালোচনা করলেন ম্যাককেইন।#
পার্সটুডে/মূসা রেজা/৫