ভেনিজুয়েলার পার্লামেন্টে উত্তেজিত জনতার হামলা: বেশ কয়েকজন এমপি আহত
https://parstoday.ir/bn/news/world-i41576-ভেনিজুয়েলার_পার্লামেন্টে_উত্তেজিত_জনতার_হামলা_বেশ_কয়েকজন_এমপি_আহত
ভেনিজুয়েলার বিরোধীদল নিয়ন্ত্রিত পার্লামেন্টে ক্ষমতাসীন দলের সমর্থকদের হামলায় বেশ কয়েকজন সংসদ সদস্য আহত হয়েছেন। উত্তেজিত জনতা পার্লামেন্টে ঢুকে এমপিদের নির্দয়ভাবে প্রহার করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৬, ২০১৭ ০২:২২ Asia/Dhaka
  • হামলায় আহত একজন রক্তাক্ত এমপি; আরেকজনকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়
    হামলায় আহত একজন রক্তাক্ত এমপি; আরেকজনকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়

ভেনিজুয়েলার বিরোধীদল নিয়ন্ত্রিত পার্লামেন্টে ক্ষমতাসীন দলের সমর্থকদের হামলায় বেশ কয়েকজন সংসদ সদস্য আহত হয়েছেন। উত্তেজিত জনতা পার্লামেন্টে ঢুকে এমপিদের নির্দয়ভাবে প্রহার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার পার্লামেন্টের অধিবেশন বসার পর এ হামলা হয়। প্রায় ১০০ সরকার দলীয় সমর্থক নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে লাঠিসোটা ও লোহার পাইপ নিয়ে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন।

এ সময় কয়েকজন সাংবাদিক ও পার্লামেন্টের দু’জন কর্মীও আক্রান্ত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কয়েকজন এমপিকে ফ্লোরে ফেলে দিয়ে লাথি মারা হয় বলেও জানা গেছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার যেসব ছবি ছড়িয়ে পড়েছে তাতে আহত এমপিদের শরীর থেকে রক্তক্ষরণ হতে দেয়া গেছে। এদের মধ্যে ছিলেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার অ্যামেরিকো ডি গ্রাজিয়া যাকে স্ট্রেচারে করে ঘটনাস্থল থেকে নিয়ে যেতে দেখা যায়।

পার্লামেন্ট স্পিকার জুলিও বরজেস এ ঘটনায় আহত সংসদ সদস্যের মধ্যে পাঁচজনের নাম উল্লেখ করেছেন যাদের কয়েকজনকে চিকিৎসা দিতে হয়েছে।

পার্লামেন্টে এ হামলার সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী কারাকাসের একটি প্যারেড ময়দানে সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করছিলেন। ভেনিজুয়েলা সরকার এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দেয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করতে তদন্তের নির্দেশ দিয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬