টিলারসন আসাদের ভাগ্য নির্ধারণ করতে পারেন না: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i41756-টিলারসন_আসাদের_ভাগ্য_নির্ধারণ_করতে_পারেন_না_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেছেন যে, সিরিয়ায় বিগত কয়েক বছরের সংকটের সমাধান হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশটির ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৮, ২০১৭ ২১:৫২ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেছেন যে, সিরিয়ায় বিগত কয়েক বছরের সংকটের সমাধান হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশটির ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করা।

জার্মানির উত্তরাঞ্চলীয় হামবুর্গ শহরে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পুতিন বলেন, “এটা কষ্টসাধ্য তবে তা খুবই গুরুত্বপূর্ণ।” এ সময় তিনি আরো বলেন, “মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের প্রতি সম্মান জানিয়ে বলছি যে, তিনি সিরিয়ার কোনো নাগরিক নন যে, তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাগ্য নির্ধারণ করবেন।”

টিলারসন বলেছেন, সিরিয়ায় আসাদের কোনো ভূমিকা থাকবে না। তার এ বক্তব্য উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, “টিলারসন একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমরা তাকে শ্রদ্ধা করি ও ভালবাসি। কিন্তু তিনি সিরিয়ার কোনো নাগরিক নন। সিরিয়ার ভবিষ্যত এবং প্রেসিডেন্ট বাশার আসাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন একমাত্র সিরিয়ার জনগণ।”

দক্ষিণ-পূর্ব সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে চুক্তিতে পৌঁছেছেন তাকে বিরাট বড় সফলতা বলে উল্লেখ করেন পুতিন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯