আমেরিকাকে বিশ্বাস করা বড় ভুল: পাক বিশ্লেষক
-
পাকিস্তানের সাবেক দুই কূটনীতিক
আমেরিকার ওপর ভরসা করা এবং তাদেরকে বিশ্বাস করা বড় রকমের ভুল। পাকিস্তান যখনই আমেরিকাকে বিশ্বাস করেছে এবং অভ্যন্তরীণ ও ধর্মীয় বিষয়ে তাদের ওপর ভরসা করেছে তখনই ওয়াশিংটন ইসলামাবাদকে খাদের মধ্যে ফেলেছে।
জার্মানি ও আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের সাবেক দুই রাষ্ট্রদূত আসিফ এজদি ও রুস্তম শাহ মুহাম্মাদ ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন। তারা বলেছেন, ২০০১ সালে সন্ত্রাসবাদ নির্মূলের নামে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে সহায়তা করেছে পাকিস্তান কিন্তু সে অভিযানের ফলাফল আফগান ও পাকিস্তানের জনগণ কিংবা সরকার কাউকেই সন্তুষ্ট করতে পারে নি। তারা বলছেন, মার্কিন আগ্রাসনের পর থেকে প্রতিবেশী দুটি দেশই নিরাপত্তা ইস্যুতে সমস্যায় ভুগছে।
এছাড়া, আফগানিস্তান ও পাকিস্তান যখন শান্তি আলোচনার জন্য অনেকদূর এগিয়ে গেছে তখন মার্কিন সরকার তাতে সহযোগিতা না করে তালেবান নেতাদের হত্যার মাধ্যমে শান্তির সম্ভাবনা নস্যাৎ করেছে।
বর্তমানে কাশ্মির ইস্যু যা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নেয়ও আমেরিকা কুবই উৎসাহ দেখাচ্ছে। এ প্রসঙ্গে সাবেক রাষ।ট্রদূত আসিফ এজদি বলেন, এ ইস্যুতে আমেরিকার ওপর ভরসা করা মোটেই ঠিক হবে না। তিনি বলেন, কাশ্মিরের জনগণের ইচ্ছা অনুসারেই দীর্ঘদিনের এ সমস্যার সমাধান হওয়া উচিত। সম্প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী কাশ্মিরের জনগণের স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করে যে বক্তব্য দিয়েছেন তাকে স্বাগত জানান পাকিস্তানের সাবেক এই কূটনীতিক।
অন্যদিকে, আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত রুস্তম মাহ মুহাম্মাদ ইরনাকে বলেন, “কাশ্মির সমস্যার নায্য সমাধান বের করার জন্য পাকিস্তান ও ভারতকে কখনই আমেরিকা সহযোগিতা করবে না এবং গঠনমূলক কোনো ভুমিকা পালন করবে না। আমি আমেরিকাকে বিশ্বাস করি না।” তিনি আরো বলেন, কাশ্মিরের নেতাদেরকে সন্ত্রাসী ঘোষণা না করে আমেরিকার উচিত- এ ইস্যুতে ভারত ও পাকিস্তানকে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান বের করার জন্য উৎসাহিত করা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০