যুদ্ধের পুরো স্বয়ংক্রিয় রোবট তৈরির ঘোষণা দিল রুশ কালাশনিকভ
-
যুদ্ধোপযোগী স্বয়ংক্রিয় রোবট
রাশিয়ার অস্ত্র নির্মাতা কোম্পানি কালাশনিকভ পুরোপুরি যুদ্ধোপযোগী স্বয়ংক্রিয় রোবট তৈরি করেছে। এ রোবট লক্ষ্যবস্তু নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তা গ্রহণ করবে। নিজেই সিদ্ধান্ত নিতে পারবে এবং সিদ্ধান্ত নেয়ার বিষয়টি শিখতে পারবে।

রুশ অস্ত্র নির্মাতা সংস্থাটি একে-৪৭ অ্যাসাল্ট রাইফেল তৈরির জন্য বিশ্বব্যাপী পরিচিত। কালাশনিকভ গ্রুপের যোগাযোগ বিষয়ক পরিচালক যুদ্ধোপযোগী রোবট তৈরির ঘোষণা দিয়েছেন। তিনি আরো জানান, নিউরাল নেটওয়ার্কভিত্তিক আরো সামরিক পণ্য উন্মোচন করা হবে। এ ধরণের পণ্য চলতি বছরের সামরিক মেলায় প্রদর্শন করা হবে বলেও জানান তিনি।
মেশিনগান বসানো কালাশনিকভ পিকে সিরিজের রোবটের ছবিও প্রকাশ করা হয়েছে। অবশ্য নিউরাল নেটওয়ার্কভিত্তিক পণ্যের গণ উৎপাদন শুরু করা হবে কিনা বা কোনো ক্রেতা এসব পণ্য কিনতে আগ্রহী হয়েছেন কিনা সে বিষয়ে কিছু জানা যায় নি।#
পার্সটুডে/মূসা রেজা/১৬