মানবাধিকার ও শান্তির কথা আমেরিকার মুখে মানায় না: রুহানি
https://parstoday.ir/bn/news/world-i42438-মানবাধিকার_ও_শান্তির_কথা_আমেরিকার_মুখে_মানায়_না_রুহানি
ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার নানা ধরনের আন্তর্জাতিক চুক্তি বা অঙ্গীকার পদদলন করে এটা প্রমাণ করেছে যে তারা বিশ্বে মানবাধিকার, আইনকামীতা, শান্তি ও নিরাপত্তা আনতে সক্ষম নয়। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৯, ২০১৭ ১৫:২৪ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার নানা ধরনের আন্তর্জাতিক চুক্তি বা অঙ্গীকার পদদলন করে এটা প্রমাণ করেছে যে তারা বিশ্বে মানবাধিকার, আইনকামীতা, শান্তি ও নিরাপত্তা আনতে সক্ষম নয়। 

তিনি আজ (বুধবার) মন্ত্রীসভার এক বৈঠকে এই মন্তব্য করেছেন।

ডক্টর হাসান রুহানি এ প্রসঙ্গে  মার্কিন সরকারের পক্ষ থেকে প্যারিস(চুক্তি), কিউবা, উত্তর আমেরিকা ও পূর্ব এশিয়ার বিষয়সহ বহু আন্তর্জাতিক চুক্তি পদদলনের ঘটনা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন। 

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন সরকার সাম্প্রতিক যুগে বহু আন্তর্জাতিক আইন পদদলন করায় এটা স্পষ্ট যে দেশটির নিজেরই স্থিতিশীলতা নেই এবং দেশটির সরকার আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল নয়। আর তাই মার্কিন সরকার অন্যদের শান্তি ও নিরাপত্তার উপদেশ দেয়ার অধিকার রাখে না।

প্রেসিডেন্ট রুহানি আরও বলেছেন, এ অঞ্চলে মার্কিন উপস্থিতির কারণে মতবিরোধ ও সংঘাত জোরদার হয়েছে, তবে ইরাকি, সিরিয় এবং আশপাশের জাতিগুলো ও প্রতিরোধ যোদ্ধারা  বহু ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে এ অঞ্চলকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করেছে, আর ভবিষ্যতে তারা এ অঞ্চলকে সন্ত্রাসবাদের অনিষ্ট থেকে পুরোপুরি মুক্ত করবে।

ইরানকে  বহুজাতিক পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী হিসেবে তুলে ধরার মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে রুহানি বলেছেন, ইরান সব সময়ই আন্তর্জাতিক চুক্তিগুলো মেনে চলেছে এবং এই ধারা বজায় রাখবে দেশটি।

রুহানি আরও বলেন, মার্কিন সরকার নানা অজুহাতে ইরানের ওপর নতুন নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে চায় যা ছয় জাতির সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতার টেক্সট বা বক্তব্য ও এই সমঝোতার চেতনা এবং সব ধরনের যুক্তির বিরোধী।

ইরানের প্রেসিডেন্ট মার্কিন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সরকার যে কোনো অজুহাতে বা যে কোনো নামেই ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে ইরানি জাতি তার উপযুক্ত জবাব দেবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, এবারের নিষেধাজ্ঞায় ইরানের ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোনো সম্পদ আমেরিকায় থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি কোনো মার্কিন নাগরিক তাদের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।  #

পার্সটুডে/মু.আ.হুসাইন/১৯