রাশিয়াকে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিতে হবে: আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i43092-রাশিয়াকে_সম্পর্ক_উন্নয়নের_পদক্ষেপ_নিতে_হবে_আমেরিকা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, রাশিয়াকে তার দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ নিতে হবে। তিনি এমন সময় এ আহ্বান জানালেন যখন মার্কিন কংগ্রেস মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ৩০, ২০১৭ ০২:০০ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, রাশিয়াকে তার দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ নিতে হবে। তিনি এমন সময় এ আহ্বান জানালেন যখন মার্কিন কংগ্রেস মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করেছে।

রেক্স টিলারসন শনিবার এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন দেখতে চায় রাশিয়া আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিচ্ছে।  তিনি আরো বলেন, “বড় আন্তর্জাতিক ইস্যুগুলোতে আমাদের দুই দেশের মধ্যে এমন সহযোগিতা প্রতিষ্ঠিত হওয়া দরকার যাতে আর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে না হয়।”

মস্কোর বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে টিলারসন বলেন, ট্রাম্প প্রশাসন এমন কাজ করবে যাতে বিভিন্ন দেশ ওয়াশিংটনের ‘বার্তা স্পষ্টভাবে’ উপলব্ধি করতে পারে। তিনি আরো বলেন, “আমরা আমাদের মিত্রদের সঙ্গে এমনভাবে কাজ করব যাতে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া স্পষ্টভাবে আমাদের বার্তা উপলব্ধি করতে পারে।”

মার্কিন কংগ্রেসে ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে বিল পাস হয়েছে তা আইনে পরিণত করার জন্য এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন। হোয়াইট হাউজ বলেছে, ট্রাম্প ওই বিলে সই করবেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০