প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে নয়া নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i43242-প্রেসিডেন্ট_মাদুরোর_বিরুদ্ধে_নয়া_নিষেধাজ্ঞা_আরোপ_করল_আমেরিকা
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকার অর্থ মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০১, ২০১৭ ০২:৪৩ Asia/Dhaka
  • রোববারের পার্লামেন্ট নির্বাচনে ভোট দেন প্রেসিডেন্ট মাদুরো
    রোববারের পার্লামেন্ট নির্বাচনে ভোট দেন প্রেসিডেন্ট মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকার অর্থ মন্ত্রণালয়।

তেলসমৃদ্ধ দেশ ভেনিয়াজুয়েলায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন পর ওয়াশিংটনের পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। ভেনিজুয়েলায় রোববার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্ট দেশটির জন্য একটি সংবিধান প্রণয়ন করবে।

মার্কিন সরকার ভেনিজুয়েলার পার্লামেন্ট নির্বাচনকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেছে। আমেরিকা কারাকাসের বিরুদ্ধে আরো বেশি নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানা গেছে।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বলেছেন, যেসব ব্যক্তি ভেনিজুয়েলার এ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হবেন তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ভেনিজুয়েলায় রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন বয়কট করে সরকার বিরোধীরা। বিরোধী নেতাকর্মীরা ভোটের দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় যাতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১