এ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i43562-এ_নিষেধাজ্ঞা_আন্তর্জাতিক_আইনের_লঙ্ঘন_রাশিয়া
সিমেন্স কোম্পানির গ্যাস টারবাইন নিয়ে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে উসকানিমূলক বলে অভিহিত করেছে মস্কো। রুশ জ্বালানি মন্ত্রণালয় এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
আগস্ট ০৫, ২০১৭ ১৯:৫২ Asia/Dhaka
  • সিমেন্স কোম্পানির গ্যাস টারবাইন
    সিমেন্স কোম্পানির গ্যাস টারবাইন

সিমেন্স কোম্পানির গ্যাস টারবাইন নিয়ে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে উসকানিমূলক বলে অভিহিত করেছে মস্কো। রুশ জ্বালানি মন্ত্রণালয় এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে।

গতকাল (শুক্রবার) ইউরোপীয় কমিশন রাশিয়ার জ্বালানি প্রতিমন্ত্রী আন্দ্রে চেরেজভসহ তিনজন রুশ কর্মকর্তা ও তিনটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে। ইইউ অভিযোগ করছে, রাশিয়ার এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্রিমিয়া অঞ্চলে জার্মানির সিমেন্স কোম্পানির তৈরি গ্যাস টারবাইন সরবরাহের কাজে জড়িত রয়েছে। ২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া অঞ্চলকে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করে নেয়া এবং ইউক্রেন সংকটে হস্তক্ষেপ করার অভিযোগে মস্কোর ওপর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সিমেন্স কোম্পানি বলেছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের জন্য কেনা চারটি টারবাইনের সবগুলোই ক্রিমিয়া অঞ্চলে নিয়ে গেছে মস্কো। ইইউ বলছে, এসব টারবাইন বসানোর ফলে ক্রিমিয়া অঞ্চল বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে স্বাধীন হয়ে উঠবে। ইইউ বলে আসছে, রাশিয়া জোর করে ক্রিমিয়াকে নিজের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করছে এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে কোনো যন্ত্রপাতি ও প্রযুক্তি ক্রিমিয়াতে বসাতে পারবে না মস্কো। ক্রিমিয়া আগে ইউক্রেনের অংশ ছিল এবং ইউক্রেন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ।#          

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫