উত্তর কোরিয়া ও আমেরিকাকে সংযম প্রদর্শনের আহ্বান জানাল জার্মানি
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জার্মানির জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
আমেরিকা এবং উত্তর কোরিয়াকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জার্মানি। ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্বের শেয়ার মার্কেটে যখন বড় ধরনের ধস নেমেছে তখন জার্মানি এ আহ্বান জানাল।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্টিন শেফার আজ (বুধবার) সাংবাদিকদের বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কোরীয় উপদ্বীপে সৃষ্ট সংকটকে কেন্দ্র করে এর সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। তাই আমরা সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, বার্লিন এখনো মনে করে যে, কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার পক্ষ থেকেই সুষ্পষ্ট উসকানি সৃষ্ট করা হচ্ছে এবং পিয়ংইয়ংয়ের আচরণ আমাদের সব ধরনের উদ্বিগ্নের প্রধান উৎস।
উত্তর কোরিয়ার ওপর ভয়ানক হামলা চালানো হবে বলে গতকাল (মঙ্গলবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার জন্য সবচেয়ে ভাল হবে দেশটি যেন আমেরিকাকে হুমকি না দেয়। এদিকে, ট্রাম্পের অগ্নিগর্ভ হুঁশিয়ারির পর উত্তর কোরিয়া বলেছে, প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থিত গুয়ামের মার্কিন ঘাঁটিগুলোতে আগাম ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৯