সিয়েরা লিওনে ভূমিধসে নিহতের সংখ্যা বাড়ছে; নিখোঁজ ৬০০
https://parstoday.ir/bn/news/world-i44232-সিয়েরা_লিওনে_ভূমিধসে_নিহতের_সংখ্যা_বাড়ছে_নিখোঁজ_৬০০
সিয়েরা লিওনে ভূমিধসে নিখোঁজ ব্যক্তির সংখ্যা কমপক্ষে ৬০০ বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। এর ফলে দেশটিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বাড়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৭ ২১:২৪ Asia/Dhaka
  • ভূমিধসের পর রাজধানী ফ্রিটাউনের কাছের একটি রাস্তার চিত্র
    ভূমিধসের পর রাজধানী ফ্রিটাউনের কাছের একটি রাস্তার চিত্র

সিয়েরা লিওনে ভূমিধসে নিখোঁজ ব্যক্তির সংখ্যা কমপক্ষে ৬০০ বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। এর ফলে দেশটিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বাড়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে।

দেশটির সরকার এরইমধ্যে ৩০০’র বেশি মানুষ নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। রাজধানী ফ্রিটাউনের আশপাশে সোমবার ব্যাপক বৃষ্টির কারণে পাহাড় ধসের পর ভয়াবহ এ বিপর্যয় ঘটে।

পাহাড় থেকে নেমে আসা ঢলে শহরের রাস্তাগুলো লাল রঙের মাটি মিশ্রিত পানির নদীতে পরিণত হয়েছে এবং এর ভেতরে বিভিন্ন জায়গায় মৃত মানুষের দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব লাশ মঙ্গলবার সকালের দিকে উদ্ধার করা হয়। ঘুমন্ত থাকা অবস্থায় বহু ঘরবাড়ি ধসে পড়ার কারণে হতাহতের ঘটনা বেশি ঘটেছে। এসব হতভাগ্য মানুষ মুহুর্তের মধ্যে টনকে টন কাদামাটির নিচে চাপা পড়ে। সরকারি মুখপাত্র কর্নেলিয়াস দেবেঅক্স জানান, ভয়াবহ ভূমিধসের পর কলেরা মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬