কৌশলগত বোমারু বিমান থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল আমেরিকা
-
মার্কিন কৌশলগত বোমারু বিমান বি-১বি ল্যান্সার
আমেরিকা পরমাণু বোমা বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান বি-১বি ল্যান্সার থেকে জাহাজ বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে চালানো এ পরীক্ষাকে মার্কিন নৌবাহিনী সফল বলে দাবি করেছে।
বর্তমানে ব্যবহৃত জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্রের পরিবর্তে মার্কিন নৌবাহিনী ব্যবহার করবে রাডার ফাঁকি দিতে সক্ষম দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। কৌশলগত ভারী বোমারু বিমান বি-১বি থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়াকে গুরুত্বপূর্ণ নতুন সাফল্য হিসেবে গণ্য করছে পেন্টাগন। মে মাসে এফ/এ-১৮ সুপার হরনেট থেকে পরীক্ষামূলকভাবে এক হাজার পাউন্ড ওজনের এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল।
নৌযুদ্ধে সম্ভাব্য শত্রুর বিরুদ্ধে কঠোর প্রস্তুতির অংশ হিসেবে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে যখন টানাপড়েন তুঙ্গে তখন কৌশলগত ভারী বোমারু বিমান থেকে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল আমেরিকা।#
পার্সটুডে/মূসা রেজা/১৯