‘মিয়ানমার সরকার স্বীকার করল রাখাইনে ২৬০০ বাড়ি পোড়ানো হয়েছে’
-
জ্বালিয়ে দেয়া হয়েছে রোহিঙ্গা মুসলমানদের ঘর-বাড়ি
মিয়ানমার সরকার স্বীকার করছে যে, গত কয়েকদিনের সহিংসতার সময় দেশটির রাখাইন রাজ্যে ২,৬২৫টি ঘর-বাড়ি পোড়ানো হয়েছে। এজন্য সরকার কথিত আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা-কে দায়ী করেছে।
মিয়ানমার সরকার বলেছে, আরসা এসব ঘর-বাড়ি পুড়িয়ে দিয়ে সরকারকে দায়ী করছে। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউজ লাইট’ এ খবর দিয়েছে। তবে, সহিংসতার ভয়াবহতায় যেসব মানুষ রাখাইন ছেড়ে বাংলাদেশের দিকে পালিয়ে গেছেন তারা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী মানুষ হত্যা করছে এবং তারাই কয়েকটি গ্রামের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে যাতে লোকজন এলাকা ছেড়ে চলে যায়।
এদিকে, নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মিয়ানমারের সামরিক বাহিনী ইচ্ছা করে এসব ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের মাধ্যমে সংস্থাটি এ কথা বলেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সাটেলাইট ইমেজে যা দেখা গেছে বাস্তব অবস্থা এর চেয়েও খারাপ হতে পারে। মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের গত কয়েকদিনের সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়েছেন। নদী পার হতে গিয়ে অনেকে নৌকাডুবিতে মারা গেছেন। #
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২