২ ফ্রন্টে যুদ্ধের আশংকা: ভারতকে ‘সঠিক’ আচরণের আহ্বান জানাল চীন
https://parstoday.ir/bn/news/world-i45401-২_ফ্রন্টে_যুদ্ধের_আশংকা_ভারতকে_সঠিক’_আচরণের_আহ্বান_জানাল_চীন
চীন আজ(বৃহস্পতিবার) ভারতকে ‘সঠিক’ আচরণ করার আহ্বান জানিয়েছে। চীন এবং পাকিস্তানের সঙ্গে একযোগে দুই ফ্রন্টে যুদ্ধের আশংকা রয়েছে বলে ভারতীয় সেনাপ্রধান যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে এ আহ্বান জানানো হয়। এ ছাড়া, এটি তার নিজের স্বতঃস্ফূর্ত বক্তব্য নাকি সরকারি নীতি তাও জানতে চেয়েছে চেয়েছে বেইজিং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ১৯:৫১ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র গেং শুয়াং
    চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র গেং শুয়াং

চীন আজ(বৃহস্পতিবার) ভারতকে ‘সঠিক’ আচরণ করার আহ্বান জানিয়েছে। চীন এবং পাকিস্তানের সঙ্গে একযোগে দুই ফ্রন্টে যুদ্ধের আশংকা রয়েছে বলে ভারতীয় সেনাপ্রধান যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে এ আহ্বান জানানো হয়। এ ছাড়া, এটি তার নিজের স্বতঃস্ফূর্ত বক্তব্য নাকি সরকারি নীতি তাও জানতে চেয়েছে চেয়েছে বেইজিং।

নয়াদিল্লিতে সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ আয়োজিত সেমিনারে চীন এবং পাকিস্তানের সঙ্গে একযোগে দুই ফ্রন্টে যুদ্ধের আশংকাকে নাকচ করেননি ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র গেং শুয়াং আজ বলেন, বেইজিং জানে না, এমন কথা বলার এখতিয়ার জেনারেল রাওয়াতের আছে কিনা। বা তিনি স্বতঃস্ফূর্ত ভাবে এসব কথা বলেছেন নাকি তার বক্তব্যের মধ্য দিয়ে ভারত সরকারের অবস্থানের প্রকাশ ঘটেছে তাও বেইজিংয়ের জানা নেই। জেনারেল রাওয়াতের বক্তব্যে ভারতীয় সংবাদ মাধ্যমও বিস্মিত হয়েছে বলেও জানান তিনি।

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত

এ সময়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আন্তরিক বৈঠকের কথাও তুলে ধরেন তিনি। গেং বলেন, মাত্র দু’দিন আগেই নরেন্দ্র মোদির প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট শি বলেছেন, চীন ও ভারত কেউ কারো জন্য হুমকি নয় বরং একে অন্যের সুযোগ।

এ ছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্ক সমানতালে উন্নয়নে চীনের সঙ্গে কাজ করার আগ্রহ মোদিও দেখিয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ভারতীয় এই সামরিক কর্মকর্তার এ দিকে নজর দেয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এসব প্রবণতা পরিষ্কার ভাবে দেখা উচিত ছিল। চীন-ভারত সম্পর্কের উন্নয়ন ঘটে এমন কিছু তার করা উচিত বলে জানান তিনি।

এদিকে, চাইনিজ অ্যাসোসিয়েশন ফর সাউথ এশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ কিং ফেং চীনা দৈনিক গ্লোবাল টাইমসকে বলেন, ডোকলাম ঘটনা এবং চীন ও ভারতের নেতৃবৃন্দ রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর পর এমন মন্তব্য করলেন রাওয়াত। একে খুবই অনুপযুক্ত এবং এতে চীন-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, সাংহাই ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের সেন্টার পর এশিয়ান-প্যাসিফিক স্টাডিজের পরিচালক ঝাও গ্যাংচেংও এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি ‘দুই ফ্রন্টে যুদ্ধ’ সম্পর্কে জেনারেল রাওয়াতের বক্তব্যকে সরাসরি বাজে কথা বলে উড়িয়ে দেন। 

তিনি দাবি করেন, চীনের গণমুক্তি ফৌজ ভারতীয় বাহিনীকে চরমভাবে পরাজিত করতে পারবে। তিনি আরো দাবি করেন, পাকিস্তানকে যুদ্ধে জড়িয়ে পড়তে দেবে না চীন কারণ বেইজিং একাই এটি সামাল দিতে পারবে। তিনি দাবি করেন, ভারতীয় সেনাবাহিনী হয়ত ১৯৬২ সালের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে চাচ্ছে।#  

পার্সটুডে/মূসা রেজা/৭