ট্রাম্পের নতুন পরিকল্পনার পর বদলে যাচ্ছে পাক পররাষ্ট্রনীতি
https://parstoday.ir/bn/news/world-i45425-ট্রাম্পের_নতুন_পরিকল্পনার_পর_বদলে_যাচ্ছে_পাক_পররাষ্ট্রনীতি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া বিষয়ক নতুন পরিকল্পনা ঘোষণার পর বদলে যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র নীতি। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত ঘটে চলা নানা ঘটনাবলীও এই পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে ইঙ্গিত দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ০৮:৪৪ Asia/Dhaka
  • পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ
    পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া বিষয়ক নতুন পরিকল্পনা ঘোষণার পর বদলে যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র নীতি। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত ঘটে চলা নানা ঘটনাবলীও এই পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে ইঙ্গিত দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ।

গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে খাজা আসিফ বলেন, সাম্প্রতিক ঘটনাবলী এ পরিবর্তন অপরিহার্য করে তুলেছে এবং এটা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় পরিবর্তন। তিনি বলেন, আমেরিকার সঙ্গে পাকিস্তান দ্বন্দ্ব চায় না তবে এখন থেকে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক হবে শুধুমাত্র পাকিস্তানের জাতীয় স্বার্থকে কেন্দ্র করে।

আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ভারত, আফগানিস্তান, সৌদি আরব ও ইরানে নিযুক্ত রাষ্ট্রদূতদের তিনদিনের সম্মেলন শেষে খাজা আসিফ গতকাল এ সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে অংশ নেয়া রাষ্ট্রদূতরা পাক সরকারকে পরামর্শ দিয়েছেন যে, আমেরিকার সঙ্গে মতপার্থক্য মেটানোর জন্য দ্বন্দ্বে না গিয়ে কূটনৈতিকভাবে সবকিছু মোকাবেলা করা উচিত; পাশাপাশি পাকিস্তানের জাতীয় রক্ষার জন্য নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে বলে তারা মন্তব্য করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮