আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পিয়ংইয়ং: জাপানে আতংক
উত্তর কোরিয়া আজ(শুক্রবার) আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পরমাণু অস্ত্র ব্যবহারের মাধ্যমে জাপানকে ডুবিয়ে দেয়ার হুমকি প্রদানের মাত্র একদিনের মাথায় এ পরীক্ষা চালাল পিয়ংইয়ং।
পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র জাপানের হোক্কাইদো দ্বীপের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ছে। স্থানীয় সময় ভোর ৬টা ৫৭ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। প্রায় ২০ মিনিট আকাশে থাকার পর এটি স্থানীয় সময় ৭টা ১৬ মিনিটে সাগরে পড়ে। ক্ষেপণাস্ত্রটি ৭৭০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠেছিল। এ ছাড়া, সাগরে পড়ার আগে এটি ৩৭০০ কিমি পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
ক্ষেপণাস্ত্র সংক্রান্ত আরো তথ্য বিশ্লেষণ করে দেখছে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক বাহিনী।
এদিকে, জাপানে এ ক্ষেপণাস্ত্র বেশ আতংকের সৃষ্টি করেছে। জাপানের আকাশসীমা দিয়ে যাওয়ার সময়ে দেশটির এনএইচকে টেলিভিশন হোক্কাইদো দ্বীপবাসীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায়। স্থানীয় সময় সকাল ৭টা ৬ মিনিটের সময়ে এটি জাপানের আকাশসীমা পাড় হয়ে যায়।
পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে জরুরি জাতীয় নিরাপত্তা বৈঠকে বসবে জাপান সরকার। এদিকে, জাপানের প্রধান ক্যাবিনেট সচিব সাংবাদিকদের বলেছেন, গত মাসের ২৯ তারিখে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল আজকেরটি হয়ত তারই মতো। কঠোর ভাষায় পিয়ংইংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিন্দা করেছে জাপান।
দক্ষিণ কোরিয়াও জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব করেছে। এদিকে, পিয়ংইয়ংয়ের পরীক্ষার জবাবে জাপান সাগরে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। #
পার্সটুডে/মূসা রেজা/১৫