আল-হাভিজা শহর দায়েশমুক্ত হওয়ার ঘোষণা দিল ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i46997-আল_হাভিজা_শহর_দায়েশমুক্ত_হওয়ার_ঘোষণা_দিল_ইরাকি_বাহিনী
ইরাকের কিরকুক প্রদেশের আল হাভিজা শহর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কবল থেকে পুরোপুরি মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বেচ্ছাসেবী সংগঠন পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটের কমান্ডার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৪, ২০১৭ ১৭:০২ Asia/Dhaka
  • আল-হাভিজা শহর দায়েশমুক্ত হওয়ার ঘোষণা দিল ইরাকি বাহিনী

ইরাকের কিরকুক প্রদেশের আল হাভিজা শহর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কবল থেকে পুরোপুরি মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বেচ্ছাসেবী সংগঠন পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটের কমান্ডার।

ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম আজ (বুধবার) জানিয়েছে, পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটের বাহিনী আল হাভিজা শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা এখন সন্ত্রাসীদের খোঁজে সেখানে ব্যাপক তল্লাসী চালাচ্ছে।

আল-হাভিজা শহর থেকে দায়েশকে মুক্ত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি আজ (বুধবার) ব্যাপক ভিত্তিক অভিযান শুরু করে।

এদিকে, এর আগে আল হাভিজা শহর থেকে দায়েশকে নির্মূল করার প্রথম পর্যায়ের অভিযানে ইরাকি সেনাবাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে বহু গ্রাম এবং এলাকা পুনরুদ্ধার করে। এতে সন্ত্রাসী গোষ্ঠীটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়।

ইরাকের সামরিক বাহিনী তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের হাভিজা শহর দায়েশ মুক্ত করতে গত ২১ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে। অভিযানে স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবি সার্বিক সহযোগিতা দিয়েছে।   বলা হচ্ছে- এ শহরটি এখন ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শেষ বড় ঘাঁটি।#

পার্সটুডে/বাবুল আখতার/৪