হিজবুল্লাহ'র দুই কর্মকর্তার জন্য মার্কিন পুরস্কার ঘোষণা!
-
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ\'র একটি র্যালি
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র দুই শীর্ষস্থানীয় কর্মকর্তার বিষয়ে তথ্য পেতে ১ কোটি ২০ লাখ ডলার পুরস্কার দেয়ার কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দফতর গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, তথ্যদাতাকে হিজবুল্লাহ'র পররাষ্ট্র বিষয়ক প্রধান তালাল হামিয়ার জন্য ৭০ লাখ ডলার এবং সংগঠনটির শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার ফুয়াদ শুক্রের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে।
মার্কিন পররাষ্ট্র দফতরের সন্ত্রাস বিরোধী সমন্বয়ক নাথান সেলস সাংবাদিকদের জানিয়েছেন, গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো এ ধরনের পুরস্কারের ঘোষণা হিজবুল্লাহর ওপর বাড়তি চাপ প্রয়োগের আরেকটি পদক্ষেপ।
সেলস তার ভাষায় প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে গোটা বিশ্বের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে জোর দিয়ে বলেন, হিজবুল্লাহকে প্রতিরোধ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।এছাড়া, হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে এবং সংগঠনটির রাজনৈতিক এবং সামরিক শাখার মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি না করতে ওয়াশিংটন বিভিন্ন দেশকে চাপ দেবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে আখ্যা দিয়েছে মার্কিন প্রশাসন।এছাড়া, সংগঠনটির ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করতে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটি সম্প্রতি ভোট দিয়েছে।#
পার্সটুডে/বাবুুল আখতার/ ১১