টিলারসন পাকিস্তানে; সম্পর্ক 'ঠিকঠাক' করতে চান
-
পাক কর্মকর্তাদের (ডানে) সঙ্গে টিলারসনের বৈঠক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এশিয়া ও মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে পাকিস্তানে গেছেন এবং রাজধানী ইসলামাবাদ পৌঁছে তিনি দেশটির সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন।
পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শীর্ষ পর্যায়ের এ বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি, পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনেকটা নিচু পর্যায়ে স্বাগত জানানো হয়েছে। রাওয়ালপিন্ডিতে তাকে একটি সামরিক বিমানঘাঁটিতে স্বাগত জানান পাক পররাষ্ট্র দপ্তরের মধ্যম পর্যায়ের একজন কর্মকর্তা। মার্কিন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জন্য পাকিস্তান সাধারণত যে ধরনের অভ্যর্থনার ব্যবস্থা করে থাকে এটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
রাওয়ালপিন্ডি থেকে টিলারসনকে গাড়িতে করে ইসলামবাদের মার্কিন দূতাবাসে নেয়া হয়। পরে তিনি পাক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
গত আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান বিষয়ক মার্কিন নীতি ঘোষণার পর এই প্রথম আমেরিকার শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা পাকিস্তান সফর করলেন। এ সফরের মধ্যদিয়ে তিনি পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের বক্তব্যের পর পাকিস্তান অনেকটা ক্ষুব্ধ হয় এবং সেসময় দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফর স্থগিত করে দেয় পাক সরকার। আফগান নীতি ঘোষণার সময় ট্রাম্প বলেছিলেন, সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে পাকিস্তান যথেষ্ট কিছু করছে না এবং তাদের কারণে দেশটি উগ্র সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিপরীতে ট্রাম্প সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের জন্য ভারতের ব্যাপক প্রশংসা করেছিলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪