কঠোর বার্তা নিয়ে পাকিস্তানে টিলারসন: ডন
-
টিলারসনের সঙ্গে হ্যান্ডশেক করছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া; পাশে প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কঠোর বার্তা নিয়ে পাকিস্তান সফরে গেছেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন। ইরাক ও আফগানিস্তানে গোপন সফর শেষে তিনি ইসলামাবাদ যান।
পাকিস্তানের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে আজকের (মঙ্গলবার) বৈঠকে টিলারসন বলেন, "আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তান আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশ। দেশটির সঙ্গে বড় রকমের অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠারও সুযোগ রয়েছে।" এর আগে গতকাল তিনি আফগানিস্তানে বলেন, আমেরিকার সঙ্গে সুসম্পর্কের জন্য সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাকিস্তানের সহযোগিতা জরুরি। আমেরিকার অন্য কর্মকর্তারাও একই কথা বলছেন এবং পাকিস্তানের ওপর রীতিমতো চাপ সৃষ্টি করেছেন।
টিলারসন আরো বলেন, সন্ত্রাসবিরোধী লড়াই ও পাকিস্তানের ভেতরে নিরাপদ আশ্রয় গড়ে তোলা উগ্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসলামাবাদকে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।
জবাবে পাক প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "এ লড়াইয়ে আমরা ফলাফল দিয়েছি এবং আমেরিকার সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। আমেরিকা এ বিষয়ে ইসলামাবাদের ওপর আস্থা রাখতে পারে।" আব্বাসি দাবি করেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাকিস্তান হচ্ছে আমেরিকার কৌশলগত মিত্র।
পাকিস্তান সফর শেষে টিলারসন ভারতে যাবেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪