বিরোধপূর্ণ দ. চীন সাগরে যুদ্ধ সক্ষমতা বাড়াচ্ছে বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i47836-বিরোধপূর্ণ_দ._চীন_সাগরে_যুদ্ধ_সক্ষমতা_বাড়াচ্ছে_বেইজিং
চীনা গণমুক্তি বাহিনী দক্ষিণ চীন সাগরে ডুবোজাহাজের একটি বহর মোতায়েন করেছে। এসব ডুবোজাহাজকে চীন গণমুক্তি ফৌজের দক্ষিণ চীন সাগরের নৌবহরের আওতায় মোতায়েন করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৭ ০৫:৫৫ Asia/Dhaka
  • বিরোধপূর্ণ দ. চীন সাগরে যুদ্ধ সক্ষমতা বাড়াচ্ছে বেইজিং

চীনা গণমুক্তি বাহিনী দক্ষিণ চীন সাগরে ডুবোজাহাজের একটি বহর মোতায়েন করেছে। এসব ডুবোজাহাজকে চীন গণমুক্তি ফৌজের দক্ষিণ চীন সাগরের নৌবহরের আওতায় মোতায়েন করা হয়েছে।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে এ বহরকে সেখানে মোতায়েন করা হয়েছে বলে খবর দিয়েছে চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট। এ বহরের আওতায় তাইওয়ান প্রণালি থেকে শুরু করে জেমস শোয়াল পর্যন্ত অঞ্চল থাকবে। এ অঞ্চলেই বিতর্কিত পার্সেল দ্বীপপুঞ্জ, ম্যাকক্লিসফিল্ড ব্যাংক এবং স্পার্টলি দ্বীপপুঞ্জ অবস্থিত। 

অপর চীনা দৈনিক স্ট্রেইট টাইমসকে দেশটির প্রতিরক্ষা বিশ্লেষক নি লেক্সিয়ন বলেন, এটি ইঙ্গিত দিচ্ছে যে দক্ষিণ চীন সাগরের চীনা নৌবহর যুদ্ধের জন্য আরো প্রস্তুতি নিচ্ছে। এদিকে, পিএএল ডেইলিকে দক্ষিণ চীন সাগরের নৌবহরের নজরদারিতে নিয়োজিত চীনা কম্যুনিস্ট পার্টির রাজনৈতিক কর্মকর্তা কে হেহাই বলেছেন, চীনা সেনাবাহিনীর সর্বশেষ সংস্কারের আওতায় ডুবোজাহাজ বহরকে সেখানে মোতায়েন করা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি এক ভাষণে বলেছেন, ২০৫০ সালের মধ্যে চীনা সেনাবাহিনী বিশ্বের অন্যতম সেরা বাহিনীতে পরিণত হবে।#

পার্সটুডে/মূসা রেজা/২৫