আফগানিস্তানে পরাজয় মেনে নিন: আমেরিকাকে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i47861-আফগানিস্তানে_পরাজয়_মেনে_নিন_আমেরিকাকে_পাকিস্তান
“আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে ১৬ বছরের যুদ্ধে মার্কিন বাহিনী পরাজিত হয়েছে কিন্তু তারা তা মেনে নিতে নারাজ। অথচ আফগান যুদ্ধে পরাজয় মেনে নিলেই কেবল দেশটির সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব।”
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৫, ২০১৭ ২২:৩৭ Asia/Dhaka
  • রেক্স টিলারসন (বামে) ও শাহীদ খাকান আব্বাসি
    রেক্স টিলারসন (বামে) ও শাহীদ খাকান আব্বাসি

“আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে ১৬ বছরের যুদ্ধে মার্কিন বাহিনী পরাজিত হয়েছে কিন্তু তারা তা মেনে নিতে নারাজ। অথচ আফগান যুদ্ধে পরাজয় মেনে নিলেই কেবল দেশটির সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব।”

পাকিস্তান জাতীয় সংসদের উচ্চ কক্ষ সিনেটে দেয়া ব্রিফিংয়ে এসব কথা বলেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদ সফর করে। ওই প্রতিনিধিদলের সঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসিহ গুরুত্বপূর্ণ বেসামরিক ও সামরিক প্রতিনিধিদের বৈঠকের বিষয়বস্তু সিনেটকে জানান খাজা আসিফ।

তিনি বলেন, পাক প্রতিনিধিদল পরিষ্কার করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইসলামাবাদ নিজের সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখেই ওয়াশিংটনকে সহযোগিতা করবে। আসিফ জানান, পাকিস্তানের নেতৃত্ব মার্কিন প্রতিনিধিদলকে বলেছেন যে, যেহেতু সামরিক সমাধান ব্যর্থ হয়েছে সে কারণে রাজনৈতিক সমাধানের জন্য আফগানিস্তান বিষয়ে মার্কিন সামরিক কর্মকর্তা নয় বরং রাজনৈতিক নীতি নির্ধারকদেরকে এখন নীতি ঠিক করতে হবে। আসিফ আরো বলেন, আফগানিস্তানে মার্কিনদের ১৬ বছরের ব্যর্থতা তাদের সামনেই রয়েছে। আফগান পরিস্থিতি উন্নয়নের এখন একটাই পথ আর তা হলো আফগানিস্তানে আমেরিকার পরাজয় মেনে নেয়া কিন্তু তারা তা গ্রহণ করতে প্রস্তুত নয়।

খাজা আসিফ পাক সিনেটকে জানান, মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় পাক কর্মকর্তারা বলেছেন, আমেরিকার কাছ থেকে পাকিস্তান কোনো রকমের সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক সহায়তা কিংবা অন্য বস্তুগত সুবিধা চায় না। পাকিস্তান শুধু পারস্পরিক সমতার ভিত্তিতে আমেরিকার সঙ্গে সম্পর্ক চায়#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪