আফগানিস্তানে জ্বালানী ট্যাংকার বিস্ফোরণ: ১৫ জনের মর্মান্তিক মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i48088-আফগানিস্তানে_জ্বালানী_ট্যাংকার_বিস্ফোরণ_১৫_জনের_মর্মান্তিক_মৃত্যু
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে একটি জ্বালানী ট্যাংকারে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ১৫ জন নিহত ও অপর ২৭ ব্যক্তি আহত হয়েছে। রাজধানী কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকার শহরে বুধবার রাতে এ বিস্ফোরণ ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০১৭ ০৪:৫৮ Asia/Dhaka
  • ফাইল ছবি
    ফাইল ছবি

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে একটি জ্বালানী ট্যাংকারে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ১৫ জন নিহত ও অপর ২৭ ব্যক্তি আহত হয়েছে। রাজধানী কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকার শহরে বুধবার রাতে এ বিস্ফোরণ ঘটে।

জ্বালানী ট্যাংকারে বিস্ফোরণের পরপরই পার্শ্ববর্তী একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেলে বাসটির যাত্রীরা হতাহত হন। স্থানীয় গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার জানিয়েছেন, বোমা বিস্ফোরণে দু’টি ট্যাংকার ধ্বংস হয়ে যায়।

কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

এ ছাড়া, দিনের শুরুতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্‌খ প্রদেশের একজন জেলা পুলিশ কমান্ডারকে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় একজন নিহত হয়।

এর আগে মঙ্গলবার রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় এক ব্যক্তির আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

আফগানিস্তানে তৎপর তালেবান জঙ্গি

সাম্প্রতিক সময়ে তালেবান জঙ্গিরা আফগান নিরাপত্তা বাহিনী ও বিদেশি সেনাদের বিরুদ্ধে হামলা বাড়িয়ে দিয়েছে। বিদেশি সেনারা আফগানিস্তান থেকে পুরোপুরি চলে না যাওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে তালেবান হুঁশিয়ারি দিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২