উত্তর কোরিয়াকে ধ্বংস করার হুমকি দিলেন ট্রাম্প
-
ডোনাল্ড ট্রাম্প
উত্তর কোরিয়াকে ধ্বংস করার জন্য নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া সফরের সময় তিনি বলেছেন, উত্তর কোরিয়া যদি পরমাণু উসকানি অব্যাহত রাখে তাহলে দেশটিকে ধ্বংস করে দেয়া হবে।
দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদে আজ (বুধবার) ভাষণ দেয়ার সময় ট্রাম্প এসব কথা বলেছেন। ভাষণে তিনি একথা বোঝানোর চেষ্টা করেছেন যে, আগের মার্কিন প্রশাসনের চেয়ে ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে বেশি আগ্রহী।
ট্রাম্প বলেছেন, "আমেরিকার আগের সব সরকার থেকে তার প্রশাসন অনেক বেশি আলাদা রকমের। আমাদেরকে খাটো করে দেখবেন না এবং আমাদেরকে পরীক্ষা করবেন না।" উত্তর কোরিয়ার নাম না নিলেও দৃশ্যত তিনি এ দেশকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন।
ট্রাম্প তার ভাষায় বলেন, "আমরা এখানে ইতিহাসের বর্বরতার পুনরাবৃত্তি হতে দেব না। আমরা আমেরিকার শহরগুলোকে হুমকি দেয়ার সুযোগও দেব না। আমরা মোটেই ভীত হব না।" তিনি উত্তর কোরিয়াকে লক্ষ্য করে বলেন, "আপনারা যে অস্ত্র তৈরি করেছেন তা আপনাদেরকে রক্ষা করবে না বরং এসব অস্ত্র আপনার সরকারকে মারাত্মক বিপদে ফেলবে।"#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮