ইরাক-সিরিয়ায় দায়েশের পতনকে স্বাগত জানালো পাকিস্তান
-
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল
ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের ঘটনাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল আজ (বৃহস্পতিবার) সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, "ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসীদের যে পতন হয়েছে তাকে আমরা সমর্থন করি।"
ইরানের বার্তা সংস্থা ইরনার প্রতিনিধি এ বিষয়ে মুখপাত্র ফয়সালকে প্রশ্ন করলে জবাবে তিনি দায়েশের পতনের ঘটনার প্রতি সমর্থন জানান। তিনি আরো বলেন, "দায়েশের বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা সম্পর্কিত বক্তব্য প্রকাশ্যেই বলছি এবং সেটা হচ্ছে দায়েশকে নির্মূল করার জন্য পাকিস্তান সব দেশের সঙ্গে সহযোগিতা করবে।"
পাক মুখপাত্র বলেন, "আমাদের সীমান্তে আফগানিস্তানের ভেতরে দায়েশের উপস্থিতি রয়েছে যা নিয়ে আমরা বিশেষভাবে উদ্বিগ্ন। এছাড়া, এটাও বাস্তবতা যে, আফগানিস্তানের শতকরা ৪৩ ভাগ ভূখণ্ড এখনো সরকারের নিয়ন্ত্রণের বাইরে যা প্রকৃতপক্ষে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য হিসেবে কাজ করছে। আমরা আশা করব- সন্ত্রাসীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ পদক্ষেপ নেয়া হবে।" মুহাম্মাদ ফয়সাল জানান, ইরানের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাকিস্তান সি-১৩০ বিমানে করে ত্রাণ সহায়তা পাঠিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩