উত্তর কোরিয়াকে হুমকি দেয়া হবে আগুন নিয়ে খেলা: ল্যাভরভ
-
সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আমেরিকার পক্ষ থেকে উত্তর কোরিয়াকে ধ্বংস করে ফেলার হুমকিকে ‘রক্তপিপাসু আক্রমণ’ বলে অভিহিত করেছেন।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধ লাগলে উত্তর কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেবে আমেরিকা।
পিয়ংইয়ং এ যাবতকালের মধ্যে সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর হ্যালি ওই হুমকি দেন।
মার্কিন রাষ্ট্রদূতের ওই বক্তব্যের তীব্র সমালোচনা করে ইতালি সফররত ল্যাভরভ শুক্রবার রোমে বলেন, কোরীয় উপদ্বীপকে নিয়ে সৃষ্ট সংকট সমাধানের জন্য যুদ্ধ বা সহিংসতা সঠিক উপায় নয়।
তিনি বলেন, “জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যেভাবে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন সেভাবে যদি কেউ বলপ্রয়োগ করতে চায় তাহলে আমার মতে তা হবে আগুন নিয়ে খেলা এবং একটি বড় ভুল।” হ্যালির বক্তব্যকে তিনি ‘রক্তপিপাসু আক্রমণ’ বলে অভিহিত করেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিষয়টিতে যাতে বলপ্রয়োগের পরিস্থিতি তৈরি না হয় সেজন্য প্রয়োজনীয় সবকিছু করবে মস্কো। শুধুমাত্র শান্তিপূর্ণ, রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় এ সমস্যার সমাধান করতে হবে।”
নিকি হ্যালির আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য মার্কিন কর্মকর্তা বহুবার উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২