আমেরিকা পরমাণু যুদ্ধ চায়: উত্তর কোরিয়ার হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i49269-আমেরিকা_পরমাণু_যুদ্ধ_চায়_উত্তর_কোরিয়ার_হুঁশিয়ারি
উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ‘আন্তরিকভাবে পরমাণু যুদ্ধ কামনা’ করছে। পিয়ংইয়ংকে ভয় দেখানোর উদ্দেশ্যে ওয়াশিংটন ও সিউল যখন বড় ধরনের যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে তখন এ সতর্কবার্তা উচ্চারণ করল উত্তর কোরিয়া।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ০৩, ২০১৭ ০৪:০৮ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন
    ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ‘আন্তরিকভাবে পরমাণু যুদ্ধ কামনা’ করছে। পিয়ংইয়ংকে ভয় দেখানোর উদ্দেশ্যে ওয়াশিংটন ও সিউল যখন বড় ধরনের যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে তখন এ সতর্কবার্তা উচ্চারণ করল উত্তর কোরিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার এক বিবৃতিতে বলেছেন, “কোরীয় উপদ্বীপে ট্রাম্প একটি ভয়াবহ বিপজ্জনক পারমাণবিক জুয়া খেলায় মেতে উঠেছেন।”

বিবৃতিতে ট্রাম্পকে একটি ‘পারমাণবিক রাক্ষস’ এবং ‘বিশ্ব শান্তি বিনষ্টকারী’ হিসেবে অভিহিত করা হয়েছে।

আগামীকাল সোমবার থেকে কোরীয় উপদ্বীপে বিশাল সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। মহড়ায় প্রায় ১২ হাজার মার্কিন সৈন্য ও ২৩০টি জঙ্গিবিমান অংশ নেবে বলে ঘোষণা করা হয়েছে।

উত্তর কোরিয়া গত মঙ্গলবার এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ওয়াশিংটন ও সিউল ওই মহড়ার কর্মসূচি ঘোষণা করে।

নিকি হ্যালি

ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরদিন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি নিরাপত্তা পরিষদের এক বৈঠকে উত্তর কোরিয়াকে ‘পুরোপুরি ধ্বংস’ করে ফেলার হুমকি দেন। এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩