বায়তুল মুকাদ্দাস বিষয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত থাকবে: ইইউ
https://parstoday.ir/bn/news/world-i49853-বায়তুল_মুকাদ্দাস_বিষয়ে_আমাদের_অবস্থান_অপরিবর্তিত_থাকবে_ইইউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের 'রাজধানী' হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। সেইসঙ্গে ইইউ বলেছে, পবিত্র শহর ইস্যুতে ২৮ সদস্যের এ জোটের আগের যে অবস্থান ও নীতি ছিল তা অপরিবর্তিত রয়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৭ ১২:৪৬ Asia/Dhaka
  • ইউরোপীয়ান কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্ক
    ইউরোপীয়ান কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের 'রাজধানী' হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। সেইসঙ্গে ইইউ বলেছে, পবিত্র শহর ইস্যুতে ২৮ সদস্যের এ জোটের আগের যে অবস্থান ও নীতি ছিল তা অপরিবর্তিত রয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় ইউরোপীয়ান কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্ক বলেন, ফিলিস্তিন ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি ইইউ নেতারা তাদের দৃঢ় সমর্থনের কথা পুনরাবৃত্তি করছে।ফলে বায়তুল মুকাদ্দাস বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

ইইউ নেতারা যখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের শীর্ষ সম্মেলনে বায়তুল মুকাদ্দাস বিষয়ে নেয়া ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছেন তখন জোটের প্রধানের পক্ষ থেকে এ টুইট বার্তা এলো। এদিকে, তার এ বার্তা বিশ্বব্যাপী ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে যে প্রতিবাদ-বিক্ষোভ এবং সমালোচনার ঝড় বইছে তার মাত্রা আরো বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।     

মুসলিম দেশের আপত্তি উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস পবিত্র বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নিতে ট্রাম্প তার প্রশাসনের প্রতি নির্দেশ জারি করেছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫