বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিল চীন
https://parstoday.ir/bn/news/world-i49859-বায়তুল_মুকাদ্দাস_ইস্যুতে_ফিলিস্তিনের_পক্ষে_অবস্থান_নিল_চীন
পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে দৃঢ় সমর্থনের কথা জানিয়েছে চীন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৭ ১৪:১৪ Asia/Dhaka
  • চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং
    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং

পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে দৃঢ় সমর্থনের কথা জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং গতকাল (বৃহস্পতিবার) বলেন, গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং দেশটির দূতাবাস তেল আবিব থেকে সেখানে স্থানান্তর করার ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডের পরিস্থিতি বিষয়ে মুসলিম দেশগুলোর উদ্বেগের বিষয়ে বেইজিং অবগত আছে।  

ট্রাম্পের এ বেআইনি এবং অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পাশাপাশি ইরান, তুরস্ক, মিশর জর্ডান তিউনিশিয়া, আলজেরিয়া ইরাক মরক্কো এবং অন্যান্য মুসলিম দেশগুলোতে তীব্র প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, মার্কিন মিত্র ইউরোপসহ অন্যান্য  দেশও ট্রাম্পের সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে।

লু ক্যাং বলেন, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব বায়তুল মুকাদ্দাসকে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী হিসেবে সমর্থন করে বেইজিং। তিনি বলেন, "জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক ঐকমত্যের ভিত্তিতে ফিলিস্তিনি ইস্যুটির সমাধানকে আমরা সমর্থন জানাই। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনের লক্ষ্যে খুব শিগগিরি একটি ন্যায় সংগত এবং যৌক্তিক সমাধান বের হয়ে আসবে বলেও আশা করছে বেইজিং।" #

পার্সটুডে/বাবুল আখতার/১৫