ক্রিমিয়ায় এস-৪০০ মোতায়েন করেছে রাশিয়া
-
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ইউক্রেনের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ক্রিমিয়া এলাকায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ মোতায়েন করেছে রাশিয়া।
রুশ গণমাধ্যম জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৪০০'র নতুন ডিভিশন গতকাল (শনিবার) মোতায়েন করা হয়। এর আগে ২০১৭ সালের বসন্তকালে প্রথম ডিভিশন মোতায়েন করা হয়েছিল ক্রিমিয়ার বন্দরনগরী ফেদোসিয়াতে। এর আগে রাশিয়ার বার্তা সংস্থা রিয়া জানিয়েছিল, নতুন এ ডিভিশন সেভাস্তোপোল শহরের কাছে মোতায়েন করা হবে। এখান থেকে ইউক্রেন সীমান্তের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাবে।
রাশিয়ার ফোর্থ এয়ার ফোর্স এবং এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভিক্টোর সেভেস্তইয়ানভ জানান, ক্রিমিয়ার নিরাপত্তা বিভাগগুলোকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হয়েছে এবং পুরো ক্রিমিয়া এখন এর আওতায় চলে এসেছে। এস-৪০০ ক্ষেপণাস্ত্র ৪০০ কিলোমিটার পাল্লার মধ্যকার শত্রুর বিমান ও ৬০ কিলোমিটারের মধ্যকার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪