ইসরাইল লেবাননের জন্য সবচেয়ে বড় হুমকি: সাদ হারিরি
-
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তার দেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি ইহুদিবাদী ইসরাইল। লেবাননের বিরুদ্ধে ইসরাইল নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে বলে যখন ব্যাপক জল্পনা-কল্পনা চলছে তখন এ কথা বললেন তিনি।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এ কথা বলেন লেবাননের প্রধানমন্ত্রী। তিনি বলেন, লেবাননের জন্য একমাত্র হুমকি হলো ইসরাইল। ভুল হিসাব-নিকাশের ভিত্তিতে লেবাননের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ইসরাইল আর সে কারণেই এ হুমকি সৃষ্টি হয়েছে।
সাদ হারিরি আরো বলেন, এটাই হচ্ছে সত্যিকার হুমকি। লেবাননের অন্যান্য সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল যখন লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তখন সত্যিই তার কারণ খুঁজে পাওয়া যায় না।
২০০০ এবং ২০০৬ সালে দুই দফা লেবাননের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ করেছিল ইহুদিবাদী ইসরাইল। এ দুই যুদ্ধেই লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাতে শোচনীয় পরাজয় বরণ করেছে তেল আবিব।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৫