রোহিঙ্গাদের সঙ্গে কথা বললেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট; পাশে থাকার প্রতিশ্রুতি
-
জোকো উইদোদো
রোহিঙ্গাদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। আজ (রোববার) কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন জোকো উইদোদো।
আজ বিমানে করে কক্সবাজার যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। বিমানবন্দর থেকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে আলাপ করেন উইদোদো। তিনি রোহিঙ্গা নাগরিকদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোহিঙ্গাদের মুখ থেকে রাখাইনের সহিংসতার বিবরণ শোনেন।
জোকো উইদোদো বলেন, ‘ইন্দোনেশিয়ার সরকার ও জনগণ রোহিঙ্গাদের যথাযথ সহযোগিতা করে যাবে এবং সবসময় রোহিঙ্গাদের পাশে থাকবে।’ ইন্দোনেশিয়া সরকার পরিচালিত ফিল্ড হসপিটাল, শিশু শিক্ষা কেন্দ্র, বিশুদ্ধ পানীয় জলের টিউবওয়েল পরিদর্শন করেন তিনি। এ সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রোহিঙ্গা শিশুদের খেলনা সামগ্রী উপহার দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ইন্দোনেশিয়ার ফার্স্ট লেডি ইরিয়ান জোকো উইদোদো, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮