গোপন খবরটি প্রকাশ করল পাকিস্তান; কিন্তু কেন?
https://parstoday.ir/bn/news/world-i52245-গোপন_খবরটি_প্রকাশ_করল_পাকিস্তান_কিন্তু_কেন
তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের ২৭ সন্ত্রাসীকে আফগানিস্তানের কাছে হস্তান্তর করার গোপন খবর প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এ তথ্য প্রকাশ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ৩১, ২০১৮ ০৯:২০ Asia/Dhaka
  • তালেবান সন্ত্রাসীদের ফাইল ফটো
    তালেবান সন্ত্রাসীদের ফাইল ফটো

তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের ২৭ সন্ত্রাসীকে আফগানিস্তানের কাছে হস্তান্তর করার গোপন খবর প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এ তথ্য প্রকাশ করেছে।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া গত নভেম্বর মাসে আফগানিস্তান সফর করেন এবং সেসময় তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের সন্ত্রাসীদেরকে কাবুলের কাছে হস্তান্তর করা হয়। গতকাল পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল এক টুইটার বার্তায় এ তথ্য প্রকাশ করেছেন। বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল। এ মুহূর্তে কেন তালেবান সন্ত্রাসীদের হস্তান্তরের তথ্য প্রকাশ করা হলো তা নিয়ে অবশ্য নানা জল্পনা চলছে।

পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল

এ ঘটনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এক কর্মকর্তা পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, গত কয়েকদিনে কাবুলে কয়েক দফা বোমা হামলা হয়েছে এবং তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের সন্ত্রাসীদের মদদ দেয়ার জন্য আফগান কর্মকর্তারা ইসলামাবাদকে দোষারোপ করছেন। এছাড়া, কিছুদিন ধরে মার্কিন সরকারও সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য ইসলামাবাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে।

এসব অভিযোগের জবাব হিসেবে তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের সন্ত্রাসীদের হস্তান্তরের খবর প্রকাশ করা হলো। ওই কর্মকর্তা জানান,  ‘ইসলামাবাদ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আন্তরিক নয়’ বলে মার্কিন সরকারের পক্ষ থেকে যে প্রচারণা চালানো হচ্ছে তা মিথ্যা প্রমাণ করতে চায় পাকিস্তান।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১