ফ্লোরিডার স্কুলে হত্যাকাণ্ডের বিষয়ে ট্রাম্পের শোক; চলছে সমালোচনা
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান আমেরিকার কোনো স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী যেন অনিরাপদবোধ না করেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে গুলিতে ১৭ জন নিহত হওয়ার পর তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন। এ সময় তিনি হত্যাকাণ্ডের জন্য গভীর শোক-সমবেদনা প্রকাশ করেন। নিহতদের জন্য প্রার্থনা করেন।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই অস্ত্র রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী। অনেকেই বলেছেন, আমেরিকায় অস্ত্র বহনে অবাধ স্বাধীনতার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। বছরের পর বছর ধরে আমেরিকায় এ নিয়ে বিতর্ক চললেও এ থেকে বেরিয়ে আসার কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। অবশ্য বারাক ওবামার আমলে এ বিষয়ে পদক্ষেপ নিতে তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তা ভেস্তে যায়।
ফ্লোরিডার পার্কল্যান্ডে অবস্থিত মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে সহিংসতায় ১৭ জন নিহত হয়েছে। হামলাকারী স্কুলের বাইরে থেকেই গুলি চালানো শুরু করে এবং গুলি চালাতে চালাতে স্কুলে ঢোকে। স্কুল ভবনের ভেতরে ১২ জনের লাশ পাওয়া গেছে। দুজনের লাশ পাওয়া যায় বাইরে। একজনের লাশ পাওয়া গেছে রাস্তায়। দুজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী ও বয়স্করাও আছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫