ট্রাম্প-কিমের সম্ভাব্য বৈঠককে স্বাগত জানাল চীন ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i54165-ট্রাম্প_কিমের_সম্ভাব্য_বৈঠককে_স্বাগত_জানাল_চীন_ও_রাশিয়া
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠককে স্বাগত জানিয়েছে চীন, রাশিয়া ও  দক্ষিণ কোরিয়া। বৈঠকের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। তার আগে তিনি দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা প্রধান চুং ইউ-ইয়ংয়ের সঙ্গে কথা বলেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৯, ২০১৮ ১৫:১৫ Asia/Dhaka
  • ট্রাম্প ও কিম
    ট্রাম্প ও কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠককে স্বাগত জানিয়েছে চীন, রাশিয়া ও  দক্ষিণ কোরিয়া। বৈঠকের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। তার আগে তিনি দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা প্রধান চুং ইউ-ইয়ংয়ের সঙ্গে কথা বলেন।

চলতি সপ্তাহের গোড়ার দিকে চুং আমেরিকা সফর করেন এবং তখন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। চুং ওই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি বার্তা পৌঁছে দেন যে, উত্তর কোরিয়ার নেতা কোরিয় উপদ্বীপের সামরিক উত্তেজনা কমাতে প্রতিশ্রতিবদ্ধ। তিনি ট্রাম্পকে আরো জানিয়েছেন, যদি উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করা হয় তাহলে দেশটি আর ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা করবে না।

দক্ষিণ কোরিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা চলতি সপ্তাহে আমেরিকা সফর করেন

গতকাল (বৃহস্পতিবার) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের কাছে চুং বলেন, উত্তর কারিয়ার নেতার সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের এ খবরকে স্বাগত জানিয়ে চীন বলেছে, দুই পক্ষ থেকেই এটা একটা ইতিবাচক ইঙ্গিত। আমরা একে স্বাগত জানাই।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, "আমরা আশা করি এ বৈঠক হবে।" অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কুয়াং-উয়াহ বলেছেন, তার দেশ সম্ভাব্য এ বৈঠকের বিষয়ে আমেরিকার সঙ্গে পরামর্শ করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯