মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ: ট্রাম্পের প্রধান আইনজীবীর পদত্যাগ
https://parstoday.ir/bn/news/world-i54754-মার্কিন_নির্বাচনে_রুশ_হস্তক্ষেপ_ট্রাম্পের_প্রধান_আইনজীবীর_পদত্যাগ
আমেরিকায় ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে কাজ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রধান আইনজীবী জন ডাউড পদত্যাগ করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ২৩, ২০১৮ ০৬:১৯ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প-জন ডাউড
    ডোনাল্ড ট্রাম্প-জন ডাউড

আমেরিকায় ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে কাজ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রধান আইনজীবী জন ডাউড পদত্যাগ করেছেন।

দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ডাউড অভিযোগ করেছেন ট্রাম্প পরামর্শ না শোনায় পদত্যাগ করেছেন ডাউড।  গত কয়েকমাস ধরে তিনি বেশ কয়েকবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েও তা থেকে পিছিয়ে গিয়েছিলেন।

অন্য কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ডাউডের ওপর আস্থা হারিয়ে ফেলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ভেবেছেন, বিশেষ পরামর্শক রবার্ট মুলারকে সামলানো ডাউডের পক্ষে সম্ভব নয়।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডাউড বলেন, ‘এই তদন্ত শেষ হওয়া উচিত। আর এটা প্রেসিডেন্টের নয়, আমার নিজস্ব বক্তব্য।’

রবার্ট মুলার

নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করা হোয়াইট হাউসের বিশেষ পরামর্শক রবার্ট মুলারের দলের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাম্প তাদের মুখোমুখি হবেন কি না সেই নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন প্রেসিডেন্টপন্থি আইনজীবীরা। তবে ডাউডের পদত্যাগের পর এই দলের নেতৃত্ব কে দেবেন সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনকালীন সহযোগীদের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য যোগাযোগ নিয়ে তদন্ত করছেন রবার্ট মুলার। তবে এই তদন্ত প্রক্রিয়ায় ট্রাম্প বাধার সৃষ্টি করছেন বলে অভিযোগ রয়েছে। গত সপ্তাহে মুলারের তদন্তকাজ অবিলম্বে বন্ধ করার জন্য বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছিলেন জন ডাউড। তবে পরে তিনি বলেন, ট্রাম্পের নির্দেশে নয়, নিজ তাগিদেই ওই আহ্বান জানিয়েছিলেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩