পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে প্রস্তুত ট্রাম্প: হোয়াইট হাউজ
-
হোয়াইট হাউজের মুখপাত্র রাজ শাহ
পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা- জেসিপিওএ’তে আমেরিকার কাঙ্ক্ষিত পরিবর্তন আনা না হলে ওয়াশিংটন এ সমঝোতা থেকে বেরিয়ে যাবে। হোয়াইট হাউজের মুখপাত্র রাজ শাহ গতকাল (সোমবার) একথা জানিয়েছেন।
তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেসিপিওএ’কে আমেরিকার জন্য অন্যতম খারাপ চুক্তি বলে মনে করছেন। তিনি ইউরোপীয় শরিকদের সহযোগিতায় এ সমঝোতায় পরিবর্তন আনার সিদ্ধান্তে অটল রয়েছেন।
এদিকে, ইসরাইলের ১০ নম্বর টিভি চ্যানেল সোমবার বিকেলে জানিয়েছে, ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা- জেসিপিওএ’তে ট্রাম্পের কাঙ্ক্ষিত পরিবর্তন আনা না হলে তিনি আগামী ১২ মে এটি থেকে বেরিয়ে যাবেন।
ট্রাম্প দাবি করছেন, ২০১৫ সালের জুলাই মাসে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতায় শুধুমাত্র ইরানের স্বার্থ রক্ষিত হয়েছে। এ কারণে তিনি এ সমঝোতায় আমেরিকার স্বার্থ রক্ষাকারী কিছু ধারা অন্তর্ভুক্ত করতে চান।
পরমাণু সমঝোতার ধারা অনুযায়ী, ২০১৮ সালের ১২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি চারমাসের জন্য স্থগিত রাখেন। কিন্তু একইসঙ্গে তিনি ঘোষণা করেন, ওই সমঝোতায় তার ইচ্ছানুযায়ী পরিবর্তন আনা না হলে চারমাস পর ১২ মে তিনি আর নিষেধাজ্ঞা স্থগিত রাখবেন না এবং জেসিপিওএ থেকে বেরিয়ে যাবেন।
পরমাণু সমঝোতায় ট্রাম্প যেসব পরিবর্তন চান তার মধ্যে রয়েছে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে দিতে হবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে।
তিনি এ দাবি জানালেও জেসিপিওএ স্বাক্ষরে প্রধান মধ্যস্থতাকারী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি বহুবার বলেছেন, এই সমঝোতা একটি আন্তর্জাতিক চুক্তি এবং একতরফাভাবে এটি বাতিল করার অধিকার একক কোনো দেশের নেই। এ ছাড়া, ইউরোপের অন্যান্য দেশসহ গোটা বিশ্ব ইরানের পরমাণু সমঝোতার পূর্ণ বাস্তায়নের পক্ষপাতি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭