রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও পোল্যান্ডে বসছে মার্কিন প্যাট্রিয়ট
https://parstoday.ir/bn/news/world-i54992-রাশিয়ার_হুঁশিয়ারি_সত্ত্বেও_পোল্যান্ডে_বসছে_মার্কিন_প্যাট্রিয়ট
আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে ৪৭৫ কোটি ডলারের চুক্তি সই করেছে ন্যাটো জোটের সদস্যদেশ পোল্যান্ড। রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউরোপের দেশগুলোতে এ ধরনের ব্যবস্থা মোতায়েনের বিরুদ্ধে মস্কোর হুঁশিয়ারি সত্ত্বেও পোল্যান্ড এ পদক্ষেপ নিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৯, ২০১৮ ০৪:৫০ Asia/Dhaka
  • ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট
    ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট

আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে ৪৭৫ কোটি ডলারের চুক্তি সই করেছে ন্যাটো জোটের সদস্যদেশ পোল্যান্ড। রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউরোপের দেশগুলোতে এ ধরনের ব্যবস্থা মোতায়েনের বিরুদ্ধে মস্কোর হুঁশিয়ারি সত্ত্বেও পোল্যান্ড এ পদক্ষেপ নিল।

ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নীচু দিয়ে উড় যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জঙ্গিবিমান ভূপাতিত করা সম্ভব।

গতকাল (বুধবার) পোল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এ সমরাস্ত্র কেনার চুক্তি হয়। পূর্ব ইউরোপে মস্কোর কথিত সামরিক ও রাজনৈতিক আগ্রাসী মানসিকতা প্রতিহত করতে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করল ওয়ারশ।

পোল্যান্ডের দুই-তৃতীয়াংশ সামরিক সরঞ্জাম সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে সংগৃহিত। এ ছাড়া, সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত প্রায় তিন দশকে অর্থনৈতিক সংকটের কারণে দেশটির সামরিক খাতে বাজেট বরাদ্দ ছিল খুবই কম।

চুক্তি সই করার পর করমর্দন করছেন মার্কিন রাষ্ট্রদূত (বামে) ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী; তাদের দিকে তাকিয়ে আছেন পোলিশ প্রেসিডেন্ট

পোল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পল জোন্স এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাতেউজ মোরাউয়িকি বুধবার ওয়ারশ’তে এ চুক্তি সই করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজি দুদা।

প্যাট্রিয়ট কেনার চুক্তি সই হওয়ার পর পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর সমরাস্ত্র সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করছে তার দেশ। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯