পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠেছে রাশিয়া:মেদভেদেভ
https://parstoday.ir/bn/news/world-i56496-পশ্চিমা_নিষেধাজ্ঞার_প্রভাব_কাটিয়ে_উঠেছে_রাশিয়া_মেদভেদেভ
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তার দেশ পাশ্চাত্যের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে পেরেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০১৮ ০২:২৬ Asia/Dhaka
  • মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখছেন মেদভেদেভ (ফাইল ছবি)
    মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখছেন মেদভেদেভ (ফাইল ছবি)

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তার দেশ পাশ্চাত্যের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে পেরেছে।

তিনি শনিবার মস্কোয় রুশ মন্ত্রিসভার বৈঠকে আরো বলেছেন, আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা রাশিয়ায় কার্যকর করার বিষয়টিকে অপরাধ হিসেবে গণ্য করে শিগগিরই আইন  করতে যাচ্ছে মস্কো।

মার্কিন সরকার সম্প্রতি রুশ সরকারের কথিত ‘কুচক্রি পদক্ষেপের’ প্রতিক্রিয়ায় রাশিয়ার ২৪ বিশিষ্ট ব্যক্তি ও ১২ টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ওয়াশিংটন দাবি করছে, ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সিরিয়ার চলমান সংঘর্ষে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দেয়া এবং পশ্চিমা দেশগুলোর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 দিমিত্রি মেদভেদেভ

রুশ প্রধানমন্ত্রী শনিবারের বৈঠকে বলেন, রাশিয়ার রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করা এবং দেশটির অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা দেশগুলো।

মেদভেদেভ আরো বলেন, রুশ সরকার নিষেধাজ্ঞার শিকার কোম্পানিগুলোকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেবে। এসব কোম্পানিতে কর্মরত রুশ নাগরিকরা যাতে বেকার হয়ে না পড়ে সে লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯