আদালতে রায় চ্যালেঞ্জ করলেন খাজা আসিফ
https://parstoday.ir/bn/news/world-i56640-আদালতে_রায়_চ্যালেঞ্জ_করলেন_খাজা_আসিফ
পাকিস্তানের মুসলিম লীগ-এন’র নেতা এবং সদ্য সাবেক হওয়া পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ ইসলামাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছেন। গত সপ্তাহে আদালত তাকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছিল; সেই রায়কে আজ (বুধবার) তিনি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০১৮ ১২:৩৭ Asia/Dhaka
  • খাজা মুহাম্মাদ আসিফ
    খাজা মুহাম্মাদ আসিফ

পাকিস্তানের মুসলিম লীগ-এন’র নেতা এবং সদ্য সাবেক হওয়া পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ ইসলামাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছেন। গত সপ্তাহে আদালত তাকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছিল; সেই রায়কে আজ (বুধবার) তিনি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলেন।  

সাবেক এ মন্ত্রী তার আইনজীবীর মাধ্যমে আদালতকে বলেছেন, ২০১৩ সালের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় তিনি ইচ্ছা করে বিদেশী ব্যাংকে নিজের অ্যাকাউন্টের কথা গোপন করেন নি। ইসলামাবাদ হাইকোর্ট কোনো প্রমাণ ছাড়াই বিষয়টিকে অসততা বলে ঘোষণা করেছে।

খাজা আসিফ নিষ্ক্রিয় ওই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য না দেয়াকে অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে ইসলামাবাদ হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানান। এছাড়া, তার সংসদ সদস্যপদ বাতিল করে নির্বাচন কমিশন যে নোটিশ জারি করেছে তাও প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মনোনয়নপত্রে ঘোষিত সম্পদের ০.৫ ভাগ আছে বিদেশি ওই ব্যাংক অ্যাকাউন্টে। খাজা আসিফ দাবি করেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে ইসলামাবাদ হাইকোর্ট তার বিরুদ্ধে রায় দেয় নি বরং ধারণার ওপর নির্ভর করেছে।

গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্ট সংবিধানের ৬২ নম্বর ধারা অনুসারে খাজা আসিফকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করে। আদালত বলেছে, সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানিতে খাজা আসিফ চাকরি করেন এবং সেখান থেকে মাসিক বেতন নেন কিন্তু নির্বাচনী মনোনয়নপত্রে তা ঘোষণা করেন নি। এর কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের নির্বাচন কমিশন খাজা আসিফের সংসদ সদস্যপদ বাতিল করে নোটিশ পাঠায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২