হাওয়াইয়ের ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ
হাওয়াইয়ের ১০ হাজার অধিবাসীকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে উদগীরণ শুরু হওয়াকে কেন্দ্র করে এ নির্দেশ দেয়া হয়। কোনো কোনো আবাসিক এলাকায় লাভা ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
আগ্নেয়গিরির উদগীরণের পর ৫ মাত্রার ভূমিকম্পসহ অনেকগুলো ছোট ছোট ভূকম্পনও ঘটেছে। গতকাল স্থানীয় সময় শেষরাত সাড়ে চারটা থেকে সাইরেনের বিপদ সংকেত বাজানো হচ্ছে। এগিয়ে আসা লাভা স্রোত থেকে রক্ষা পাওয়ার জন্য হাওয়াই বাসীদের সতর্ক করার লক্ষ্যে সাইরেন বাজানো হচ্ছে।
বাতাসে সালফার ডাই অক্সাইডের উপস্থিতি বিপদজনক মাত্রায় বেড়ে গেছে। এ ধরণের বাতাসে শ্বাস নেয়া মানুষের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। এ ছাড়া, পানির সংস্পর্শে আসার পর হতে পারে এসিড বৃষ্টি।
গভর্নর ডেভিড লেগ জরুরি অবস্থা জারি করেছেন এবং সহায়তার জন্য মার্কিন ন্যাশনাল গার্ড পাঠাতে বলেছেন। স্থানীয় কম্যুউনিটি কেন্দ্রগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া, ঘরবাড়ি ছেড়ে আসা মানুষদের জন্য দু'টি আশ্রয় কেন্দ্র খুলেছে মার্কিন রেড ক্রুশ।
পার্সটুডে/মূসা রেজা/৪