‘ইরানি পরমাণু সমঝোতার প্রতি সম্মান দেখানো অব্যাহত রাখবে রাশিয়া’
-
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইরান পরমাণু সমঝোতার বাধ্যবাধকতা মেনে চলবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া এর প্রতি সম্মান দেখানো অব্যাহত রাখবে। জাখারোভা শুক্রবার বলেন, তার দেশ মনে করে পরমাণু সমঝোতায় কোনো রকমের পরিবর্তন আনা গ্রহণযোগ্য নয়।
পরমাণু সমঝোতা মেনে চলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোাল্ড ট্রাম্প আগামী ১২ মে চূড়ান্ত ঘোষণা দেবেন। দীর্ঘদিন ধরে তিনি এ সমঝোতার চরম সমালোচক এবং সমঝোতা থেকে বের হয়ে যেতে চান। ট্রাম্প একে সবচেয়ে খারাপ চুক্তি বলে অভিহিত করেছেন। তবে রাশিয়া বার বার বলেছে, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা অক্ষত থাকতে হবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার বলেছেন, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলে আমেরিকাকে এর পরিণতি ভোগ করতে হবে এবং এমন পদক্ষেপের কারণে পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে বিশ্ব একটি গুরুত্বপূর্ণ দেশকে হারাবে। চীনও পরমাণু সমঝোতা বাতিলের বিরোধিতা করে আসছে। ইরান বলছে, যেহেতু এটা বহুপক্ষীয় সমঝোতা সে কারণে আমেরিকা একতরফা তা বাতিল করতে পারে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫